আর মাত্র ৩ দিন পর ঈদুল ফিতর। এবারের ঈদকে ঘিরে শুরুতে ৯টি ছবি মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে ৫টি ছবি। এগুলো হচ্ছে ‘প্রিন্স:ওয়ানস আপন অ্যা টাইম ইন বাংলাদেশ’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ‘প্রেশার কুকার’।
ছবিগুলো সোমবার (১৬ মার্চ) সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ‘ইউ’ গ্রেড অর্থাৎ সার্বজনীন সার্টিফিকেট হয়েছে ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ এবং ‘এ’ তথা এডাল্ট সার্টিফিকেট পেয়েছে ‘প্রেশার কুকার’, ‘রাক্ষস’, ও ‘প্রিন্স’। জানা গেছে, ‘এ’ সার্টিফিকেট পাওয়া ছবিগুলোতে অতিরিক্ত ভায়োলেন্স রয়েছে। এ ছবিগুলো নিয়ম অনুযায়ী ১৮ বছরের নিচে কাউকে প্রদর্শন করা যাবে না।
‘প্রিন্স’ নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত গ্যাংস্টারের জীবন অবলম্বনে নির্মিত বলে শোনা যাচ্ছে, তবে তা নাকচ করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। ছবিটিতে শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রিন্স’ প্রযোজনা করেছে ক্রিয়েটিভ ল্যান্ডসের ব্যানারে শিরিন সুলতানা।
রিয়েল এনার্জী প্রডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে ‘রাক্ষস’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে আছে সিয়াম আহমেদ ও কলকাতার সুস্মিতা চ্যাটার্জী। ‘বরবাদ’-এর ‘জিল্লু’ এ ছবিতেও রয়েছেন। এটি প্রেম ও প্রতিশোধের গল্পে নির্মিত।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত সিনেমা ‘দম’। এটি নির্মাণ করেছেন রেদওয়ান রনি। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরী। এর এক সাধারণ মানুষের বেঁচে থাকার তীব্র সংগ্রামের গল্প এটি।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর পরিচালিত ছবিটিতে রয়েছে একঝাঁক তারকা শিল্পী— চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরীফুল রাজ, জাকিয়া বারি মম, আজমেরী হক বাঁধন, শ্যামল মাওলা, ইনতেখাব দিনার, এ কে আজাদ সেতু, তামিম করীম, লাবণ্য চৌধুরী। এটি প্রযোজনা করেছে হইচই বাংলাদেশ।
নারীদের জীবনের দমবন্ধ পরিস্থিতি নিয়ে রায়হান রাফী নির্মাণ করেছেন ‘প্রেশার কুকার’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। এটি প্রযোজনা করেছে কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্ম।
