জ্বালানি তেলের তীব্র ঘাটতির কারণে বগুড়ার ৭২টি পেট্রোল পাম্পের অর্ধেকেরও বেশি বন্ধ রয়েছে। এতে জেলা জুড়ে সড়কপথে যানবাহনের চলাচলে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
সোমবার (২৩ মার্চ) শহর ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ পাম্পে ‘জ্বালানি নেই’ লেখা বোর্ড ঝুলছে। কিছু পাম্প সীমিত পরিমাণে তেল বিক্রি করলেও চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে জ্বালানি সরবরাহ যথেষ্ট হয়নি। বিশেষ করে ঈদের আগে রাতের সময় অতিরিক্ত চাহিদার কারণে মজুত দ্রুত শেষ হয়ে গেছে। এ সমস্যা ঈদের দিন থেকেই চোখে পড়তে শুরু করে। পরবর্তীতে কিছু পাম্প সীমিতভাবে বিক্রি শুরু করলেও সোমবার পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
তেল নিতে এসে ফিরে যাওয়া এক বাইকার ক্ষোভ প্রকাশ করে বলেন, “এইভাবে দেশ চলতে পারবে না। আসলেই তেল নেই, নাকি কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে—সরকার বিষয়টি খতিয়ে দেখুক।”
আরেক বাইকার হাসান মাহমুদ বলেন, “বাজারে তেল খুঁজে পাওয়া যায়, কিন্তু পাম্পে গেলে বলা হয় তেল নেই। মনে হচ্ছে সিন্ডিকেট চলছে।
পাম্প মালিক দেলোয়ার হোসেন জানান, “চাহিদা অনুযায়ী তেল পাইনি। সকাল ১০টা পর্যন্ত বিক্রি করেছি, এরপর মজুত শেষ হওয়ায় পাম্প বন্ধ করতে হয়েছে। সরবরাহ এলে আবার বিক্রি শুরু করা হবে।
রাজশাহী পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন বলেন, “জেলায় ৭২টি পাম্পের মধ্যে ৪০টির বেশি বন্ধ। খোলা থাকা পাম্পগুলোতেও তীব্র সংকট চলছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব নয়।
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি:
