বগুড়া নন্দীগ্রামে অতিরিক্ত ভাড়া আদায়: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই বাস কাউন্টারে ২০ হাজার টাকা জরিমানা
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বাস কাউন্টারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও রণবাঘা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে একটি বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ার তুলনায় বেশি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়।
এ সময় দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট দুই কাউন্টারের ব্যবস্থাপককে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন—সরিষাবাদ গ্রামের সাহেব আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫) এবং রণবাঘা গ্রামের আবু তালেবের ছেলে সবুজ (৪০)। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযানে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
