কালাইয়ে গণহত্যা দিবসে আলোচনা সভা
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন
মো:সুমন মন্ডল,কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ মার্চ ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের সেই বিভীষিকাময় কালরাত্রির স্মৃতিচারণ করেন এবং নিরস্ত্র বাঙালির ওপর সংঘটিত নৃশংস গণহত্যার ইতিহাস তুলে ধরেন। তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মৌদুদ আলম সরকার, কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি জনাব লুৎফর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন।
বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। এই দিনটি শুধু শোকের নয়, বরং নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। তারা স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
