মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছ বারইল বটতলা এলাকায় কালীগঙ্গা নদী থেকে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল প্রায় ৪টার দিকে স্থানীয় এক ব্যক্তি নদীতে হাত দিয়ে মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি মানিকগঞ্জ সদর থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটির গলা থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে এবং বুক থেকে পেট পর্যন্ত কেটে নাড়িভুঁড়ি বের করা ছিল। ঘটনাস্থলে মরদেহটির মাথা পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মানিকগঞ্জের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্তে কাজ শুরু করে এবং ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে।
এদিকে ঘিওর উপজেলার বানিয়াজুড়ি এলাকার বাসিন্দা রফিক নামের এক অটোরিকশা চালক দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। নদীতে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার স্ত্রী ও বোন ঘটনাস্থলে এসে মরদেহটি রফিকের বলে শনাক্ত করেন।
পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
