কালাইয়ে স্বাধীনতার আবেগে বর্ণিল কুচকাওয়াজ ও চমৎকার ডিসপ্লে
মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় আনন্দঘন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিবেশে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্যকে ধারণ করে সকাল থেকেই পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ ও প্রাণচাঞ্চল্য।
কালাই সরকারি মহিলা কলেজ মাঠে উপজেলা প্রশাসন, কালাইয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর শৃঙ্খলাবদ্ধ পদচারণা, সমন্বিত কৌশল ও নান্দনিক উপস্থাপনা উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাবা শামীম আরা। তিনি তার বক্তব্যে স্বাধীনতার ইতিহাস স্মরণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালাই থানা অফিসার ইনচার্জ জনাব রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাব ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ মৌদুদ আলম এবং কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি জনাব লুৎফর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
ডিসপ্লে পর্বে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনা, দেশের ইতিহাস ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। জাতীয় পতাকার রঙে সজ্জিত মাঠ, দেশাত্মবোধক সংগীত এবং অংশগ্রহণকারীদের প্রাণবন্ত পরিবেশনা পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও আকর্ষণীয়।
সার্বিকভাবে দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের মর্যাদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগ্রত করার এক অনন্য প্রয়াস লক্ষ্য করা গেছে। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
