মাগুরায় যুব সমাজকল্যাণ ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন, মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
‘তরুণরাই গড়বে আগামীর সুন্দর পৃথিবী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো যুব সমাজকল্যাণ ফাউন্ডেশন। একদল স্বপ্নবাজ ও সমাজসেবায় প্রতিশ্রুতিবদ্ধ তরুণদের উদ্যোগে গঠিত এ সংগঠনটি মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি মাদকমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে।
আজ (২৫ মার্চ) গৌরীচরণপুর মাঠপাড়া এলাকায় সংগঠনটির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী এ আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবী ও তরুণদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ তাদের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। খাদ্য সহায়তা প্রদান, জরুরি চিকিৎসা সেবায় সহায়তা এবং সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করবে তারা। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সচেতনতা সৃষ্টি এবং তাদের সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া সকল ধরনের সামাজিক অনাচারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা এবং যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জনাব জিল্লুর রহমান জিল্লু বলেন, “একটি সুন্দর সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। আমরা চাই, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ আমাদের এই মানবিক উদ্যোগে অংশগ্রহণ করুক এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিক।”
তিনি আরও বলেন, সবার দোয়া ও সমর্থন থাকলে এই সংগঠন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবকল্যাণে কাজ করতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের প্রতি মাদককে ‘না’ বলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।