গভীর রাতে বসতবাড়িতে আগুন, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা যাত্রী ছাউনী সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বসতবাড়ির সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে ড্রাইভার জনি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনে ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় বাড়ির মালিক জনি মিয়া বাড়িতে ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে তাদের ধারণা। আগুনে তিনটি ঘরের সবকিছু পুড়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, হঠাৎ আগুন দেখে তারা হতবাক হয়ে পড়েন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
বাড়ির মালিক জনি মিয়া বলেন, “আমি বাড়িতে ছিলাম না। খবর পেয়ে এসে দেখি আমার সবকিছু শেষ। আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।”এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।