মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলায় লিমা খাতুন (২৩) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
নিহত লিমা খাতুন উপজেলার বড় উদাস গ্রামের আবদুল হাইয়ের মেয়ে। তার স্বামী সুজন মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে লিমা খাতুন নিখোঁজ হন। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
এছাড়া ঘটনাটি ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্ট কিনা, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে পুলিশ।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, গয়েশপুর মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।