মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলায় গৃহবধূ লিমা খাতুন (২৪) হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে উপজেলার বড়উদাস গ্রামের একটি মাঠ থেকে বিবস্ত্র অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা জামাল শেখ নিজ জমিতে কাজ করার সময় মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি জানান। পরে নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে।
নিহত লিমা খাতুন বড়উদাস গ্রামের হাই জোয়ার্দারের মেয়ে এবং ঝিনাইদহ জেলার হাটগোপালপুর এলাকার সুজন শেখের স্ত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং তদন্ত শুরু করে।
পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, গত ৩০ মার্চ লিমা খাতুন শাশুড়ির সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরদিন সন্ধ্যায় একটি ফোনকল পেয়ে তিনি বাড়ির পাশের আত্মীয়ের বাসায় যান এবং পরে মোবাইলে কথা বলতে বলতে বাইরে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নিহতের স্বামী সুজন শেখ (২৫)-কে ঝিনাইদহ থেকে গ্রেফতার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে সুজন শেখ স্বীকার করেন, পারিবারিক কলহের জেরে পূর্বপরিকল্পিতভাবে তিনি স্ত্রীকে ফোন করে ডেকে নেন। পরে সুযোগ বুঝে পিছন দিক থেকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন এবং মরদেহ ফেলে রেখে পালিয়ে যান।
এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।