বেশ অনিশ্চয়তার মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছরের অক্টোবরে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক নানা বিতর্কে জড়িয়ে পড়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড।
সাম্প্রতিক সময়ে ঢাকার ক্লাব ক্রিকেটকে ঘিরে আলোচনা-সমালোচনা তুঙ্গে। এর পাশাপাশি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান পদ থেকে আমজাদ হোসেনকে অপসারণ করা হয়েছে, যা নিয়েও চলছে নানা বিশ্লেষণ। এসব বিষয়কে সামনে রেখে শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা ডেকেছে বিসিবি।
সভায় সবচেয়ে গুরুত্ব পাবে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের দেওয়া চিঠি, যেখানে ক্লাব ক্রিকেট নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। ঢাকা লিগ সম্পর্কেও কিছু সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া আসন্ন নিউজিল্যান্ড সিরিজসহ অন্যান্য নিয়মিত বিষয়ও আলোচনায় থাকবে।
