শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কাজ শেষে কারখানা থেকে বাড়ি ফেরার পথে তিন গার্মেন্টস কর্মীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে অপহৃতদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়।
বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ডিউটি শেষে কারখানা থেকে বের হয়ে গেটের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত মিঠুন, নিশাত ও অরূপ রতন শর্মাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাদের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকার একটি টিনশেড ঘরে আটকে রেখে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
তবে মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা দা ও লাঠি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
সহকর্মী নাঈম আহম্মেদ লাভলু বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তার মোটরসাইকেল আটক করে এবং তাকেও হুমকি দেয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় নাঈম আহম্মেদ লাভলু বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন,
“ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”