কেরালায় প্রীতি ম্যাচ খেলতে না এসে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে। এ ঘটনায় আলবিসেলেস্তেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এবং ক্ষতিপূরণ দাবি করেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক টেলিভিশন সাক্ষাৎকারে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান জানান, আর্জেন্টিনা ফুটবল দলকে কেরালায় এনে একটি ম্যাচ আয়োজনের জন্য তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বিশেষ করে তার পরিকল্পনায় ছিলেন মহাতারকা লিওনেল মেসি। এই আয়োজন বাস্তবায়নের লক্ষ্যে স্পন্সর সংগ্রহ করে প্রায় ২৫০ কোটি রুপি জোগাড় করাও মোটেই সহজ কাজ ছিল না।
তবে কেরালার ক্রীড়ামন্ত্রীর দাবি, অর্থ গ্রহণের পরও প্রতিশ্রুতি অনুযায়ী কেরালায় আসেনি আর্জেন্টিনা দল। এ প্রসঙ্গে ভি আব্দুরাহিমান বলেন, এভাবে তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এমন আচরণ আশা করিনি।
ভি আব্দুরাহিমান আরও জানান, বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে তিনি জানতে পেরেছেন—শুধু কেরালার সঙ্গেই নয়, আরও পাঁচটি দেশের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটিয়েছে আর্জেন্টিনা দল। তার অভিযোগ, অর্থ নেওয়ার পরও সেসব দেশেও গিয়ে ম্যাচ খেলেনি তারা।
এই পরিস্থিতিতে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান। তিনি বলেন, এটা এমন এক অবস্থা, যেখানে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে মামলা করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে।
কেরালার ফুটবলপ্রেমীদের হতাশার বিষয়টিও তুলে ধরে ক্রীড়ামন্ত্রী বলেন, দলটির আগমনের অপেক্ষায় ছিলেন অসংখ্য সমর্থক, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান জানিয়েছিলেন, চলতি বছরের মার্চে আর্জেন্টিনা ফুটবল দল এবং লিওনেল মেসি কেরালা সফরে আসবেন। তবে শেষ পর্যন্ত সেই সফর আর বাস্তবায়ন হয়নি, যা এখন বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। অবশ্য চলতি বছর ভারত সফরে গিয়েছিলেন মেসি। পশ্চিমবঙ্গ, মুম্বাইসহ দেশের বিভিন্ন স্থানে সফর করেছেন তিনি।
