দীর্ঘ ১৬ বছর বিরতির পর আবারও নাট্যরচনায় ফিরলেন এক সময়ের জনপ্রিয় নাট্যকার অনিকেত। তার লেখা নতুন ধারাবাহিক নাটক ‘কিচেন পলিটিক্স’ প্রচার শুরু হচ্ছে বৈশাখী টেলিভিশনে।
বৈশাখী টিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত এ নাটকটি পরিচালনা করেছেন সাঈদ রিংকু। নাটকটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।
নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুম বাসার, মিলি বাসার, নাবিলা ইসলাম, জয়রাজ, একে আজাদ সেতু, পূর্ণিমা বৃষ্টি, দোলন দে, তানহা ইয়াসমিন, সাদিয়া তানজিম, শিবলী নোমান, ঈষিকা সাকিন, মীর নওফেল আশরাফী জিসান, মিলু চৌধুরী, মোস্তফা রতন, নাসরিন অনু, শাহজাদা সম্রাটসহ আরও অনেকে।
আজ ৪ এপ্রিল থেকে সপ্তাহে তিন দিন—শনিবার, রবিবার ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে নাটকটি।
নাট্যকার অনিকেত জানান, ‘কিচেন পলিটিক্স’ একটি সামাজিক ব্যঙ্গধর্মী (স্যাটায়ার) গল্প, যেখানে একটি একান্নবর্তী পরিবারের ভেতরের সম্পর্ক, দ্বন্দ্ব ও কৌশলী মানসিকতার নানা দিক তুলে ধরা হয়েছে।