জ্যাম কমাতে কঠোর অবস্থানে পুলিশ সুপার মোল্লা আজাদ , ফুটপাত দখলমুক্তে অভিযান জোরদার
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরা শহরের ক্রমবর্ধমান যানজট ও জনদুর্ভোগ নিরসনে কঠোর অবস্থান নিয়েছেন জেলা পুলিশ সুপার। সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে জোরদার অভিযান শুরু হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে শহরের দুইটি ট্রাফিক জোনে একযোগে অভিযান পরিচালনা করে জেলা পুলিশ।
শহরের গুরুত্বপূর্ণ ভায়নার মোড় এলাকায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নেতৃত্বে সরেজমিনে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে পুলিশ সুপার গণমাধ্যমকে জানান, যানজট নিরসন ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রথমে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে বাস, ইজিবাইকসহ সকল ধরনের যানবাহনের চালকদের শৃঙ্খলার মধ্যে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “পুলিশের নির্দেশনা অমান্য করে কেউ যদি ফুটপাত দখল বা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পরবর্তীতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ, সদর ট্রাফিক ইন্সপেক্টর মো. আরজু এবং মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
জেলা পুলিশের এই কঠোর অভিযানের ফলে শহরের দখলকৃত ফুটপাত ও সড়ক ধীরে ধীরে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে বলে আশা করছেন সচেতন মহল।