মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার শত্রুজিতপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেল, গোখাদ্য, ভূষি, মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযান চলাকালে শত্রুজিতপুর বাজারের মেসার্স অরিন রাইচ মিল নামক প্রতিষ্ঠানে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি বিভিন্ন স্থান থেকে নিম্নমানের গোখাদ্য ও ভূষি সংগ্রহ করে নিজস্ব গোডাউনে প্যাকেটজাত করে গাজীপুরের ‘গোল্ডেন ফুড প্রোডাক্টস’-এর নামে বাজারজাত করছিল। এসব পণ্যের বস্তায় অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছিল, যা ভোক্তাদের সাথে প্রতারণার শামিল।
এছাড়াও প্রতিষ্ঠানটিতে পণ্যের মোড়কীকরণ আইন অমান্য করে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্য ভালো পণ্যের সঙ্গে মিশিয়ে বিক্রির অভিযোগ পাওয়া যায়। নকল ভূষি উৎপাদন ও বাজারজাতকরণের মতো অপরাধে প্রতিষ্ঠানটির মালিক দীপ্ত সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
এসময় ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়।
অভিযানে মোট ১টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ভোক্তা অধিকারবিরোধী অপরাধে সর্বমোট ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানেও তদারকি চালানো হয় এবং ব্যবসায়ীদের নকল ও ভেজাল পণ্য বিক্রি না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং মোড়কীকরণ বিধি মেনে
চলার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা মার্কেটিং অফিস, মাগুরার মোঃ আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি