অজয় সেন ত্রিপুরা, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে আয়বর্ধনমূলক কার্যক্রম (আইজিএ) ও ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সদর উপজেলার ৩ নম্বর গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আইজিএ কার্যক্রমের উপকারভোগীদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল (এইচকেআই), বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আয়বর্ধনমূলক কার্যক্রম পরিচালনা, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা বলেন, আয়বর্ধনমূলক কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের নিজস্ব উদ্যোগে টেকসইভাবে আয় বাড়ানোর সুযোগ তৈরি করতে হবে। এজন্য সঠিক পরিকল্পনা থাকা জরুরি। পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষণ ও দক্ষতাকে কাজে লাগাতে পারলে আয় বৃদ্ধি করে স্বাবলম্বী হওয়া সম্ভব।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. ওমর ফারুক বলেন, আয়বর্ধনমূলক কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের গবাদিপশু ও অন্যান্য প্রাণিসম্পদ পালনের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি রোগ প্রতিরোধ, সঠিক পরিচর্যা ও পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে কার্যকরভাবে কাজে লাগাতে উৎসাহিত করা হচ্ছে।
অনুষ্ঠানে জাবারাং কল্যাণ সমিতির উপজেলা কো-অর্ডিনেটর মিহির কান্তি ত্রিপুরা, মনিটরিং, এভালুয়েশন অ্যান্ড লার্নিং অফিসার দিপন চাকমাসহ আইজিএ কার্যক্রমের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।