আজ মাগুরায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪২ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’ সিরাপসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-এর নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুন্সী রাসেল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম বুধবার (১৫ এপ্রিল) রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে সদর থানার পুলিশ লাইন দক্ষিণ পাড়া (কুকনা ঘোষপাড়া) এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোছাঃ ফাতেমা বেগম (৩৬) ও মিতা খাতুন (৩০)। তারা উভয়েই মাগুরা সদর থানার কুকনা ঘোষপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে উদ্ধার করা ৪২ বোতল ‘Eskuf’ (Codeine Phosphate ও Triprolidine Hydrochloride সমৃদ্ধ) সিরাপ, যা ফেনসিডিলের বিকল্প হিসেবে অবৈধভাবে ব্যবহৃত হয়ে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গোপনে এই মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি