ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি ভরাট করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, নোয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. হাসান সরকার (৬০), পিতা—মৃত গোলাম রাব্বানী, ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে মাটি ভরাট করছিলেন। এতে পাশের কৃষি জমি হুমকির মুখে পড়ে এবং স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি হয়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমি রক্ষা ও পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম