পটুয়াখালীর গলাচিপায় বিষাক্ত সাপের কামড়ে জাকির হোসেন মৃধা (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি গলাচিপা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে নিজ বাড়িতে টুলের ওপর বসে পা ঝুলিয়ে মুড়ি খাচ্ছিলেন জাকির হোসেন মৃধা,এ সময় হঠাৎ একটি সাপ এসে তাঁর পায়ে কামড় দিয়ে চলে যায়। সাপের কামড় অনুভব করে তিনি চিৎকার করে তাঁর স্ত্রীকে ডাকেন এবং বলেন, ‘মনে হয় আমাকে সাপে কেটেছে।’
পরে তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও সাপটি শনাক্ত করতে পারেননি। দ্রুত তাঁকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে পটুয়াখালী জেলা হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। পটুয়াখালীর উদ্দেশে অ্যাম্বুলেন্সে রওনা হওয়ার পর পথিমধ্যেই তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন মুঠোফোনে জানান, হাসপাতালে আনার সময় রোগীর শ্বাস-প্রশ্বাস অত্যন্ত দ্রুত ছিল এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। এ কারণে তাৎক্ষণিকভাবে অ্যান্টিভেনম দেওয়ার পরিবর্তে দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে খবর পাওয়া যায়, পটুয়াখালী যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনমের কোনো ঘাটতি নেই; পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে।
জাকির হোসেন মৃধার মৃত্যুতে স্থানীয় বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।#
মোঃ রাকিবুল হাসান
গলাচিপা, পটুয়াখালী।
