মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের গাংনালিয়া বাজারে সেলুনে চুল কাটানোর সিরিয়ালকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাংনালিয়া বাজারের একটি সেলুনে জুয়েল নামে এক যুবক আগে থেকেই চুল কাটানোর জন্য সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় সোহাগ নামে আরেক যুবক এসে জরুরি কাজের কথা বলে আগে চুল কাটার অনুরোধ করেন। তবে সেলুন কর্মী আগে আসায় জুয়েলের সিরিয়ালই বজায় রাখেন।
এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হন।
আহতরা হলেন—লুৎফর শেখ, সোহাগ, উকিল মোল্লা, কাদের মোল্লা, জুয়েল মোল্লা ও আরাফাতসহ আরও একজন।
আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ডা. মো. মামুন-উর-রশীদ জানান, আহতদের মধ্যে লুৎফরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুরে রেফার করা হয়েছে। অন্যরা আশঙ্কামুক্ত রয়েছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি