সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: দেশে সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরা জেলায় টিকাদান কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ প্রেসব্রিফিং আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাশেদ উদ্দীন মৃধা, মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার এবং ডা. ইসমত জাহান সুমনা প্রমুখ।
প্রেসব্রিফিংয়ে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকার আওতায় আনতে জেলার স্বাস্থ্য বিভাগ মাঠপর্যায়ে কাজ করছে। আগামী ২০ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে।
জেলার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকাদান বিষয়ে প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি প্রতিটি উপজেলায় ও ইউনিয়নে মাইকিং করা হচ্ছে। এছাড়া স্কুল ও মসজিদভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সিভিল সার্জন ডা. আব্দুস সালাম জানান, জেলায় মোট ২ হাজার ৪১৭টি কেন্দ্রে ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকা দেওয়া হবে। প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজের জন্য ২৮ দিনের বিরতি রাখা হয়েছে। আগামী ২০ এপ্রিল সকালে জেলা শহরের শিবপুর কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন হবে।
তিনি বলেন, “হাম অত্যন্ত সংক্রামক রোগ হলেও টিকার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। অভিভাবকদের সচেতনতা ছাড়া এ কর্মসূচি সফল হবে না।” তিনি নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে গিয়ে টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকরা টিকাদান কার্যক্রমের চ্যালেঞ্জ, টিকার সরবরাহ ও মাঠপর্যায়ের বাস্তবতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। জবাবে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, টিকার কোনো সংকট নেই এবং প্রতিটি ইউনিয়নে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। কেউ টিকা থেকে বাদ পড়লে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।