মাগুরার শ্রীপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক আরবি শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার উপজেলার নাকোল ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান।
নাকোল ফাঁড়ির এসআই মুকুল জানান, অভিযুক্ত ৫০ বছর বয়সী অলিয়ার রহমানের বিরুদ্ধে অভিযোগটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।
শিশুটির মা জানান, তার সন্তান প্রায় ছয় মাস ধরে নানার বাড়িতে থেকে ওই শিক্ষকের কাছে আরবি পড়াশোনা করছিল। তবে পবিত্র ঈদুল ফিতরের ছুটির কারণে কিছুদিন পড়াশোনা বন্ধ ছিল।
গত ১৫ এপ্রিল পুনরায় শিশুটিকে পড়তে পাঠাতে চাইলে সে যেতে অস্বীকৃতি জানায়। এমনকি মক্তবেও যাবে না বলে জানায়। পরে কারণ জানতে চাইলে শিশুটি শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করে।
এরপর বিষয়টি পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
