বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটে দেবহাটা থানাধীন খানপাড়া গ্রামে র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মোহাম্মদ জিয়াদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ এয়াকুব খান (৩১) ও মোঃ নাজিম উদ্দীন (৩৯)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে মোট ১৫৬৬ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৯৭১ বোতল উইনকোরেক্স, ৩০০ বোতল স্কাপ, ২৯৩ বোতল কফ এবং ২ বোতল অন্যান্য মাদকদ্রব্য। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানায় র্যাব। তারা বিভিন্ন কৌশলে এসব মাদক দেশের বিভিন্ন স্থানে সরবরাহ
করত বলেও জানা গেছে।
র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি
