পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলে চলতি মাসের ১৪ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরেছিলেন নাহিদ রানা। তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পিএসএলের বাকি অংশে এই টাইগার পেসারকে আর এনওসি দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে খেলার জন্য তাকে আবারও এনওসি দেওয়া হয়।
পেশোয়ার জালমির হয়ে পিএসএলের ফাইনালে অংশ নিতে আজ (বৃহস্পতিবার) দুপুরে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়েন এই তরুণ পেসার। ফাইনাল শেষে আগামী ৩ মে তার দেশে ফেরার কথা রয়েছে। এর আগে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
বিসিবি জানিয়েছে, একটি বড় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে খেলা নাহিদের ব্যক্তিগত উন্নতির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করা হয়েছে। পাশাপাশি দলের ম্যানেজমেন্ট ও মেডিকেল টিম নিশ্চিত করেছে যে, এই ম্যাচে অংশ নেওয়ায় তার ফিটনেস, ওয়ার্কলোড বা জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
এদিকে নাহিদকে ফাইনালে খেলার অনুমতি দেওয়ায় পেশোয়ার জালমির পক্ষ থেকে বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানানো হয়েছে।
