নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরের তীব্র যানজট সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্থায়ী রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে। রোববার (৩ মে) বেলা ১২ টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের দিনাজপুর মোড়ে (মদিনা মোড়) আনুষ্ঠানিকভাবে এই রোড ডিভাইডারের উদ্বোধন করা হয়।
এসময় নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিভাইডারগুলোর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মো. মাহফুজার আলম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মো. মাহফুজার আলম, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু, ইকু গ্রুপের সিইও মো. ইরফান আলম ইকু, জুলফিকার স্টিলের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মো. শহিদ খান নাদিম এবং ট্রাফিক সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় সুধীবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় এবং বেসরকারি প্রতিষ্ঠান জুলফিকার স্টিল ও ওয়ালটনের সৌজন্যে এই রোড ডিভাইডারগুলো স্থাপন করা হয়েছে। শহরের ঘিঞ্জি সড়কগুলোতে যানবাহন চলাচল সুশৃঙ্খল করতে প্রথমে অস্থায়ীভাবে কাজ শুরু হলেও এখন তা স্থায়ী রূপ দেওয়া হলো।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম বলেন, সৈয়দপুর শহরের যানজট নিরসনে এই রোড ডিভাইডারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ট্রাফিক আইন মানার ক্ষেত্রে এই উদ্যোগ শহরবাসীকে সহায়তা করবে।
উদ্বোধন শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ডিভাইডার স্থাপনের ফলে সড়কে বিশৃঙ্খলা কমেছে এবং যাতায়াতে আগের চেয়ে গতি ফিরেছে।
মোঃ আমির হোসেন,
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ
