নাটোরের লালপুরে গভীর রাতে পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ এক প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।
পুলিশ জানায়, সোমবার (৫ মে ২০২৬) দিবাগত রাত পৌনে ১২টার দিকে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিরোপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। দিনাজপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে ও ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে লালপুর থানা পুলিশও সহযোগিতা করে।
অভিযানে বিরোপাড়া এলাকার বাসিন্দা আরিফ হোসেন (২৭) কে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার (যার গায়ে “Made in Pakistan” লেখা), ৬ রাউন্ড তাজা গুলি (লোডেড অবস্থায়) এবং ২টি গিয়ার/টিপ চাকু উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি Xiaomi HyperOS ও একটি Vivo V30 স্মার্টফোন এবং বিভিন্ন অপারেটরের মোট ১৫টি সিম কার্ড জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব ডিভাইস প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় সহযোগী আসামি বিজয় ইসলাম (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই চক্রটি বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে “MD Jalal Si” নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিত। একই কৌশলে দেশের বিভিন্ন স্থানে তাদের আরও সদস্য সক্রিয় রয়েছে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে লালপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
মোঃ সোহেল রানা
নিজস্ব প্রতিবেদক।
নাটোর,(লালপুর)।
