যশোরের চৌগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭১ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ কফ সিরাপসহ দুইজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আটক দুজনই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার চালিয়ে আসছিল।
ডিবি সূত্র জানায়, গত ৫ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) সামিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চৌগাছা উপজেলার কংশারীপুর মাইক্রোস্ট্যান্ড এলাকায় অভিযান চালান। সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মাহাবুবুল হাসান ওরফে সাগর (২৬) এবং মাহাফুজ (১৯)। তারা উভয়েই চৌগাছা উপজেলার দীঘলসিংহা গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের কাছে থাকা ব্যাগে অবৈধ মাদক থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তাদের কাছ থেকে মোট ৭১ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। এর মধ্যে মাহাবুবুল হাসানের কাছ থেকে ৫১ বোতল এবং মাহাফুজের কাছ থেকে ২০ বোতল উদ্ধার করা হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া সিরাপগুলো মাদক হিসেবে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। এ ধরনের কফ সিরাপ তরুণদের মধ্যে নেশাজাতীয় দ্রব্য হিসেবে অপব্যবহারের প্রবণতা বাড়ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক দুই আসামিকে ৬ মে আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, যশোর জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
কল্যান রায় জয়ন্ত
