সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে মাগুরার শালিখা উপজেলার অধিকাংশ কলেজে হতাশাজনক ফলাফল হয়েছে। উপজেলার পাঁচটি কলেজের মধ্যে একমাত্র আড়পাড়া মহিলা কলেজ যশোর শিক্ষা বোর্ডের গড় পাসের হার অতিক্রম করতে সক্ষম হয়েছে। বাকি চারটি কলেজের পাসের হার বোর্ডের গড় পাসের হারের নিচে রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার আড়পাড়া মহিলা কলেজে পাসের হার ৫১ দশমিক ২৫ শতাংশ, হাজরাহাটি সম্মিলনী কলেজে ৩৯ দশমিক ৪৩ শতাংশ, বিহারীলাল শিকদার সরকারি মহাবিদ্যালয়ে ২৪ দশমিক ৮১ শতাংশ, বুনাগাতী ডিগ্রি কলেজে ৩৭ শতাংশ এবং আড়পাড়া ডিগ্রি কলেজে মাত্র ১৯ দশমিক ২৮ শতাংশ।
অন্যদিকে, যশোর শিক্ষা বোর্ডে গড় পাসের হার প্রায় ৪৪ শতাংশ। সে হিসাবে শালিখা উপজেলার পাঁচটি কলেজের মধ্যে চারটির পাসের হার বোর্ডের গড় ফলাফলের চেয়ে কম।
উপজেলার কলেজগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে আড়পাড়া মহিলা কলেজ। অন্যদিকে, সর্বনিম্ন পাসের হার আড়পাড়া ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটির পাসের হার মাত্র ১৯ দশমিক ২৮ শতাংশ, যা বোর্ডের গড় পাসের হারের তুলনায় অনেক কম।
এদিকে, অধিকাংশ কলেজের এমন হতাশাজনক ফলাফল উপজেলার উচ্চমাধ্যমিক শিক্ষার মান, পাঠদান কার্যক্রম, শিক্ষকদের দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন সচেতন মহল।
জসীম উদ্দীন
শালিখা (মাগুরা)
