গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা বেগম (৩০) হত্যা মামলার আসামি আনারুল মোল্লাকে (৪০) ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার জসীমউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আনারুল মোল্লা জেলার সাদুল্লাপুর উপজেলার চক ভগবানপুর এলাকার মৃত সাকি মোল্লার ছেলে।
র্যাব জানায়, প্রায় ১৭ বছর আগে ববিতা বেগমের সঙ্গে আনারুল মোল্লার বড় ভাই হারুন মোল্লার বিয়ে হয়। পরে তারা পরিবার নিয়ে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে গত ২৪ মার্চ ববিতা বেগম বাবার বাড়িতে চলে যান। পরে ২৭ মার্চ স্বামী হারুন মোল্লা তাকে আবার ভাড়া বাসায় নিয়ে আসেন।
পরদিন ২৮ মার্চ স্বজনরা খবর পান, ববিতা বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের মা বাদী হয়ে পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়। মামলার গুরুত্ব বিবেচনায় র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা এবং র্যাব-১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের যৌথ আভিযানিক দল ঢাকার জসীমউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি আনারুল মোল্লাকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি
