মাগুরার শ্রীপুরে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে ‘রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’ (আরএসইউএফ)-এর উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ মে) সকাল ১০টায় উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয়ে এই পরীক্ষা কার্যক্রম শুরু হয়।
এবারের প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় উপজেলার ১২টি মাধ্যমিক স্কুলের মোট ২২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দীর্ঘ সময় নিয়ে সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন রহমাতুননেতা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অর্থ ও প্রশাসন বিষয়ক কর্মকর্তা মো. আবু সোলাইমান,আব্দুল মান্নান, আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করে। কয়েকজন শিক্ষার্থী জানায়, এ ধরণের প্রতিযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং আগামী দিনের বড় পরীক্ষাগুলোর জন্য নিজেদের প্রস্তুত করতে দারুণ সহায়তা করবে। তারা ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের পড়ালেখায় আরও আগ্রহী করে তুলতে এবং মেধাবীদের মূল্যায়ন করতেই এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরণের শিক্ষা সহায়ক কার্যক্রম অব্যাহত থাকবে।
পরীক্ষা শেষে শিক্ষার্থীরা অত্যন্ত শৃঙ্খলার সাথে কেন্দ্র ত্যাগ করে। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, শীঘ্রই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে।
সোহেল রানা, শ্রীপুর মাগুরা প্রতিনিধিঃ
