প্রয়াত ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত। মঙ্গলবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৪ বছর। ব্লাড ক্যান্সারের সঙ্গে দীর্ঘ দিন ধরে লড়াই করছিলেন অভিনেতা। প্রদীপ রাওয়াতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে সিনেমা জগতে। অভিনেতা যশপাল শর্মা সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।
তিন দশকেরও বেশি সময়ের অভিনয় জীবনে হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ছবিতেও সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। তবে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘গজনি’-তে খলনায়কের চরিত্রে অভিনয় করেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান। তাঁর অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে, ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’-র হিন্দি রিমেকেও একই চরিত্রে তাঁকেই নেওয়া হয়।
তবে শুধু ‘গজনি’ নয়, আমির খানের ‘লগান’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। আবার টেলিভিশনের দর্শকদের কাছে তিনি আজও পরিচিত বি. আর. চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এর অশ্বত্থামা হিসেবে। দ্রোণাচার্যের পুত্রের চরিত্রে তাঁর অভিনয় তাঁকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল।
১৯৮৫ সালে ‘মেরি জং’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন প্রদীপ রাওয়াত। এর পর ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ এ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘ভীরম’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন তিনি। ২০০৪ সালে এস. এস. রাজামৌলি পরিচালিত ‘সায়ে’ ছবির মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। এর পর দক্ষিণী ছবিতেও অন্যতম জনপ্রিয় খলনায়ক হিসেবে নিজের জায়গা পাকা করে নেন অভিনেতা। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র জগতে।