সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঙ্গুয়া চরে সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী হাজী আলতাফ হোসেনকে ঘিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে আয়োজিত এ সভায় এলাকার উন্নয়ন, জনসেবা এবং আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল খালেক প্রামানিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র প্রার্থী হাজী আলতাফ হোসেন প্রামানিক। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান। বেলকুচি পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য আজাদ প্রামানিক, উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু সরকার, শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম ও বাবু প্রামানিক।
বক্তারা বলেন, বেলকুচি পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা হাজী আলতাফ হোসেনের নেতৃত্বে একটি শক্তিশালী ও জনবান্ধব নেতৃত্ব গড়ে
ওঠার আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আসন্ন পৌর নির্বাচন এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আল আমিন হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি:
