পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
রোববার (১২ মে) সকালে দহবন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ৩ হাজার ৭৯১টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল আলম রেজা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. খায়রুল জামান মিয়া, কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো: মোখলেছুর রহমান সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও অন্যান্য কর্মকর্তারা।
দহবন্দ ইউপি চেয়ারম্যান মাওলানা মো. রেজাউল আলম রেজা বলেন, ‘আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে সরকারের এই খাদ্য সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় পরিবারের জন্য অনেক সহায়ক হবে। আমরা স্বচ্ছতার সঙ্গে প্রকৃত দুঃস্থ ও অতিদরিদ্র মানুষের মাঝেই ভিজিএফ চাল বিতরণ করেছি।’
সুন্দরগঞ্জ প্রতিনিধি: শাহিন মিয়া
