সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম সাংবাদিকদের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভায় বলেছেন, “অপরাধীর কোনো পরিচয় নেই। কেউ অপরাধ করলে তার পদ-পদবি বা পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্ত করা হবে।” তিনি বলেন, পুলিশ বিভাগের কোনো সদস্য অপরাধের সঙ্গে জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না।
শনিবার (১৬ মে) সকাল ১০টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডিআই-১ আব্দুল আলিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, অর্থ সম্পাদক মো. জিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভায় পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে পুলিশের প্রধান দায়িত্ব। তিনি বলেন, সমাজে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক বিস্তার না ঘটে, সে বিষয়ে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও পুলিশের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে জেলা পুলিশ বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশ্যে নবাগত পুলিশ সুপার বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “আমিও সাতক্ষীরার সন্তান। এখানে যতদিন দায়িত্ব পালন করবো, ততদিন সাতক্ষীরা আমার জীবনের সাথে মিশে থাকবে।” তার এ বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়।
আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি :
