পঞ্চগড় জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। “সেবার ব্রতে চাকরি” শ্লোগানকে সামনে রেখে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়।
রোববার (১৭ মে) সন্ধ্যা ৭টায় পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
তিনি জানান, পঞ্চগড় জেলায় নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা শেষে পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়ায় উত্তীর্ণ প্রার্থীরা আবেগাপ্লুত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
নিয়োগ বোর্ডের সভাপতি তাঁর বক্তব্যে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঠাকুরগাঁও; শাওন কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল), দিনাজপুর; সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পঞ্চগড়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা।
মোহাম্মদ মাহাবুব আলম
জেলা প্রতিনিধি
