লিওনেল মেসির মতোই বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা তার। আর্জেন্টাইন মহাতারকার মতো খেলেন ফরোয়ার্ড হিসেবে। চলতি মৌসুমে মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সিও তারই গায়ে উঠেছে। লামিনে ইয়ামালকে ‘ভবিষ্যতের লিওনেল মেসি’ ট্যাগ না দিয়ে উপায় কী! তবে স্পেনের ১৮ বছর বয়সী তারকা নিজেকে মেসির 'নতুন সংস্করণ' হিসেবে দেখতে চান না।আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে প্রতিনিয়ত তুলনা টানা লামিনে ইয়ামালকে বিরক্ত করে তুলেছে। দুজনই লা মাসিয়ার গ্র্যাজুয়েট হওয়ায় তুলনা হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই প্রজন্মের সেরা কিশোর প্রতিভা দৃঢ় প্রতিজ্ঞ—তিনি নিজের পথ নিজেই তৈরি করতে চান, গড়তে চান নতুন ইতিহাস।
মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেকের পর ইয়ামালকে আর আটকে রাখা যায়নি। এরপর থেকেই একের পর এক রেকর্ডগুলো নতুন করে লিখছেন । মাত্র ১৮ বছর বয়সেই এই স্প্যানিশ তারকা এর মধ্যেই লা লিগা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন। দুবার কোপা ট্রফি ও গোল্ডেন বয় জেতার পাশাপাশি ২০২৫ সালের ব্যালন ডি’অরে হয়েছেন দ্বিতীয়। ফুটবল মহলে বিশ্বাস, খুব শিগগিরই ইয়ামাল তার ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতবেন, যা তাকে মেসির আটবার জেতার অবিশ্বাস্য রেকর্ডের দিকে ধাওয়া করতে সাহায্য করবে।
তবে ইয়ামাল পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন—তিনি মেসির পথ অনুসরণ করতে চান না। সিবিএস'কে এই তরুণ তারকা বলেছেন, ‘লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার, কিন্তু সে-ও জানে আমি একজন ভালো খেলোয়াড়। আমরা যদি মুখোমুখি খেলি, পরস্পরের প্রতি সম্মান থাকবে। আমি মেসি হতে চাই না, তার মতো খেলতেও চাই না, ১০ নম্বর জার্সি পরতেও চাই না। আমি আমার নিজের পথ অনুসরণ করতে চাই।’
