আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার অন্তত ২৫ গ্রামের মানুষ পবিত্র ঈদুল আযহা উদযাপন করেছেন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউকোলা গ্রামের একটি মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান।
একই সময়ে ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ আশপাশের প্রায় ২৫ গ্রামের মুসল্লিরা ঈদের নামাজে অংশ নেন। ঈদের জামাতে পুরুষদের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় মুসল্লিরা জানান, তারা দীর্ঘ এক যুগ ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও বুধবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আযহা পালন করেছেন তারা।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানিতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় বিভিন্ন এলাকার মানুষকে।