ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়রকে বাংলাদেশ সফরের জন্য অনুরোধ করবেন ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দোর ক্লাব প্রেসিডেন্ট এডসন। ব্রাজিল ফিরে নেইমারের কাছে তুলে ধরতে চান বাংলাদেশের সমর্থকদের মাঝে তাকে নিয়ে উন্মাদনার বিষয়টি। বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করার আগ্রহ জানিয়েছেন সময় সংবাদকে। সাও বার্নার্দোতে সুযোগ দিতে চান বাংলাদেশের তরুণ ফুটবলারদের। এদিকে, নেইমারকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছেন ফুটবল এজেন্ট থিয়াগো ইগলেসিয়াস।লাতিন বাংলা সুপার কাপ খেলতে এই মুহূর্তে বাংলাদেশে ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো। পুরো দলের সঙ্গে এসেছেন ক্লাবটির প্রেসিডেন্ট এডসন। যার জন্ম ও বেড়ে ওঠা ব্রাজিলের শহর সান্তোসে। যে শহরে বেড়ে উঠেছেন সাম্বা ফুটবলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়র। ফুটবলের সঙ্গে জড়িত থাকায় সান্তোস এফসিতে নিয়মিত আসা যাওয়া করতেন এডসন।সান্তোসে নেইমারের বেড়ে ওঠা ও বার্সেলোনার যাত্র দেখেছেন সাও বার্নার্দো ক্লাবের মালিক। বাংলাদেশে নেইমার ও ব্রাজিলের জনপ্রিয়তা দেখে অবাক তিনি। ব্রাজিলে ফিরে কখনো সুযোগ হলে নেইমারের কাছে তুলে ধরবেন তাকে নিয়ে বাংলাদেশের সমর্থকদের উন্মাধনা। অনুরোধ করবেন একবার হলেও যেন নেইমার ঘুরে যান লাল-সবুজের বাংলাদেশ।
সময় সংবাদকে সাও বার্নার্দোর ক্লাব প্রেসিডেন্ট এডসন বলেন, ‘এখানে নেইমারের সমর্থন দেখে আমি সত্যিই অবাক হয়েছে। নেইমারকে সবাই ভালোবাসে। কখনো যদি সুযোগ পাই নেইমারকে বলব এই দেশে এসে ঘুরে যেতে। এখানকার মানুষ তাকে কতটা ভালোবাসে তা তাকে জানাব।’
