মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ। এবারের প্রতিপাদ্য ছিল— “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”।
সভায় সড়ক পরিবহন আইন মেনে চলা, ট্রাফিক নিয়ম অনুসরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। নিরাপদ ও দুর্ঘটনামুক্ত সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
মাগুরা সার্কেল বিআরটিএর পরিচালক (ইঞ্জি.) কেশব কুমার দাস স্বাগত বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হারুনর রশীদ, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ ড. আলফাজ উদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নার, ট্রাফিক ইন্সপেক্টর আবু হাসান মল্লিক, নিরাপদ সড়কের সভাপতি আবু ইমাম বাকের এবং মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সাল আহমেদ খান। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।