মাগুরার মহম্মদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) কংগ্রেস এবং সমবায় বিভাগের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ টাকার ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার কৃষক, সমবায়ী সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি। স্বাগত বক্তব্য প্রদান করেন মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা পিযূষ রায়।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা পিযূষ রায় বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ ও লাভজনক কৃষি উৎপাদন নিশ্চিত করতে পার্টনার ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের মাঠভিত্তিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে এবং তারা কৃষির নতুন নতুন উদ্ভাবনের সঙ্গে পরিচিত হচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার কৃষিবান্ধব নানা কর্মসূচি বাস্তবায়ন করছে, যার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকদের জীবনমানেরও উন্নয়ন ঘটছে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিচর্চার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, কৃষি ও সমবায় কার্যক্রমের সমন্বিত উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। সমবায়ের মাধ্যমে সহজ শর্তে ঋণপ্রাপ্তি কৃষকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে।
অনুষ্ঠানে সমবায় বিভাগের আওতায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে জনপ্রতি ১ লাখ ৬০ হাজার টাকা করে মোট ১ কোটি ৬০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। ঋণগ্রহীতারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ অর্থ দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মচারী, সমবায় নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভর্তুকি হিসেবে কৃষকদের মাঝে সার, বীজ ও চারা বিতরণ করা হয় এবং কৃষির টেকসই উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
শাহ আমানত মিঠু উপজেলা প্রতিনিধি মহম্মদপুর মাগুরা
