মাগুরার শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুন) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অভিভাবক ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে সাচিলাপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সহকারী শিক্ষক মহসিন আলী বিশ্বাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ তুলে তার অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিভাবক রফিকুল ইসলাম প্রদীপ অভিযোগ করে বলেন, অভিযুক্ত শিক্ষককে নিয়ে অতীতেও একাধিকবার স্থানীয়ভাবে সালিশ ও বিচার অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন না আসায় এবার কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন জানান, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ওই ছাত্রীর মা বৃহস্পতিবার সকালে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক মহসিন আলী বিশ্বাস। তিনি দাবি করেন, বিদ্যালয়ের সভাপতি নিয়োগকে কেন্দ্র করে চলমান দ্বন্দ্বের জেরে তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে। তার ভাষ্য, শ্রেণিকক্ষের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলেই প্রকৃত ঘটনা স্পষ্ট হয়ে যাবে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
