দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো ভিন্ন ঘরানার একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। মানুষ ও ভিনগ্রহীদের সংঘাতের গল্প নিয়ে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সামুক’ সিনেমাটি নির্মাণ করছেন বিপুল অমৃতলাল শাহ।
নির্মাতাদের দাবি, এর আগে এমন গল্প নিয়ে ভারতে বড় কোনো সিনেমা নির্মিত হয়নি।
বর্তমানে পরিচালক আনিস বাজমির একটি কমেডি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয় কুমার। জুনের শেষ দিকে সেই কাজ শেষ করার পর কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নতুন সিনেমার প্রস্তুতি শুরু করবেন তিনি।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত এবং কনিষ্ক ভার্মা পরিচালিত ‘সামুক’-এর শুটিং শুরু হবে ২০২৬ সালের আগস্টে। এটি অক্ষয় কুমারের ক্যারিয়ারের অন্যতম বড় ও উচ্চাভিলাষী প্রকল্প হতে যাচ্ছে।
সিনেমাটি হবে বড় বাজেটের ভিএফএক্স নির্ভর অ্যাকশন থ্রিলার। এর মাধ্যমে ভারতীয় সিনেমায় ‘ম্যান ভার্সেস এলিয়েন’ বা মানুষ বনাম ভিনগ্রহীর নতুন একটি ধারা নির্মাতারা তুলে ধরতে চান বলেও এ প্রতিবেদনে বলা হয়েছে।
গল্পে দেখা যাবে, একজন সাধারণ মানুষ হঠাৎ করেই অস্বাভাবিক ও ভয়ংকর পরিস্থিতিতে পড়ে যায়। এরপর শুরু হয় তার টিকে থাকার লড়াই। পুরো গল্পজুড়ে থাকবে অ্যাকশন, রোমাঞ্চ এবং বেঁচে থাকার সংগ্রাম।
একটি সূত্র জানিয়েছে, এই সিনেমা নিয়ে অক্ষয় কুমারও বেশ উচ্ছ্বসিত। কারণ ভারতীয় সিনেমায় এর আগে এ ধরনের বড় কোনো প্রকল্প দেখা যায়নি।
সিনেমাটির অ্যাকশন, ভিএফএক্স এবং প্রস্থেটিকসের কাজের জন্য আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞদের যুক্ত করা হবে। নির্মাতাদের লক্ষ্য, দর্শকদের জন্য বিশ্বমানের সিনেমা দেখার অভিজ্ঞতা তৈরি করা।
‘সামুক’-এর মাধ্যমে আবারো একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার ও বিপুল অমৃতলাল শাহ। এর আগে ‘নমস্তে লন্ডন’, ‘সিং ইজ কিং’, ‘হলিডে: আ সোলজার ইজ নেভার অব ডিউটি’ এবং ‘ওয়াক্ত: দ্য রেস অ্যাগেইনস্ট টাইম’-এর মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা।
জানা গেছে, ‘সামুক’-এর কারিগরি দলে হলিউডের কয়েকজন খ্যাতনামা বিশেষজ্ঞও থাকবেন। তবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।