কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাকুন্দিয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল ১১টায় পাকুন্দিয়া সদর বাজারে আয়োজিত এ কর্মসূচিতে পাকুন্দিয়া উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন পাকুন্দিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমান খান সুমন। এ সময় তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। তিনি শান্তিপূর্ণ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও শালীনতা অপরিহার্য। তারা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানান এবং জনগণের স্বার্থে গঠনমূলক রাজনীতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পাকুন্দিয়া উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। কর্মসূচিটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
বুলবুল আহম্মেদ জিয়া
নিজস্ব প্রতিবেদন পাকুন্দিয়া
