নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশবিরোধী অপতৎপরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার সকাল ১২টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা নিষিদ্ধ সংগঠনের সকল ধরনের সন্ত্রাসী ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে এসব কর্মকাণ্ড প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ হাসান, মাগুরা পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. নবীর হোসেন, মাগুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. টিপু সুলতান, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ঈমন মোল্লা, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাছিম বিল্লাহসহ জেলা ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিহাদ বক্সার, সাবেক যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক মো. রিমন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক এস. এম. আবু তাহের সবুজ। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো অপশক্তির বিরুদ্ধে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সোচ্চার থাকবে।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি:
