রাঙামাটির লংগদু উপজেলায় মাদ্রাসার সীমানা নির্ধারণের পূর্ব বিরোধের জেরে মাওলানা আব্দুল মান্নান নামে এক মাদ্রাসা পরিচালক ও প্রধান শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আজ বুধবার (২৪ জুন) সকালে উপজেলার গুলশাখালী ইউনিয়নের একটি মাদ্রাসার সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গুলশাখালী ইউনিয়নের ওই মাদ্রাসার সীমানা নিয়ে প্রতিপক্ষের সাথে মাওলানা আব্দুল মান্নানের বিরোধ চলছিল। আজ সকালে সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ধারালো ‘দা’ দিয়ে মাওলানা আব্দুল মান্নানকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মাথায় গুরুতর জখম হয়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মাওলানা আব্দুল মান্নানকে উদ্ধার করে দ্রুত লংগদু সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মাথায় গভীর ও গুরুতর জখম রয়েছে। বর্তমানে তাঁকে প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।সর্বশেষ পরিস্থিতি, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি:
