ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহ। তার চলচ্চিত্র ক্যারিয়ার খুবই স্বল্প সময়ের। এরই মধ্যে হিট সিনেমা উপহার দিয়ে তাক লাগিয়ে দেন। দাপুটে খল অভিনেতা মিশা সওদাগর তার সঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। সালমান শাহকে নিয়ে লিখেছেন—মিশা সওদাগর।
ক্ষণজন্মা শিল্পী সালমান শাহ। বিরলপ্রজ মানুষের জন্ম, কৃতকর্ম এবং কার্যকারণ যতই কম থাকুক না কেন, এদের আউটপুট সারাজীবন থেকে যায়। সালমান শাহ এমন একজন শিল্পী, যেদিন মারা গেছে, ওইদিন ১২-১৫ জন যুবতী আত্মহত্যা করেছে। এটা পৃথিবীর ইতিহাসে এর আগে হয়েছে কি না, জানি না। আমাদের মতো এত ছোট একটা দেশে একজন মানুষ মারা গেছে, তার যে পরিমাণ ভক্ত, সেটাই বিস্ময়!
সালমান শাহ নতুন একটি ধারক, মানে নতুন একটি পথ দেখিয়েছিল। এটা আমার উপলব্ধি। নায়করাজ রাজ্জাক ভাইয়ের ভক্ত-অনুরাগী ছিল—স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পরিবারে। রাজ্জাক ভাই ছিলেন ফুল ফ্যামিলি ম্যান। ফ্যামিলি ম্যান মানে কেবল নায়ক নয়, যাকে বাসার মা পছন্দ করেন, বাবা পছন্দ করেন, ভাই-বোন পছন্দ করেন এবং বাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মানুষগুলোও পছন্দ করেন। ওইরকম নায়ক ছিলেন শ্রদ্ধেয় নায়করাজ রাজ্জাক। এর পরের প্রজন্ম সালমান শাহর সঙ্গে ইন্ট্রোডিউস হয়েছিল। সালমান শাহকে সবাই পছন্দ করতেন।
একজন নায়কের ভেতর কিছু গুণ থাকা উচিত। যেমন: স্টাইল। সালমান শাহর যে স্টাইল, তা আজও উদাহরণ হয়ে আছে, থাকবে। আর ওর ভয়েসে একটা মায়া ছিল! ও খুনসুটি করত, ফান করত, ওর অসাধারণ সেন্স অব হিউমার ছিল।
সালমান শাহর সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছি। যেমন: ‘সত্যের মৃত্যু নাই’, ‘শেষ ঠিকানা’, ‘বুকের ভিতর আগুন’। তাছাড়াও বেশ কিছু কাজ রয়েছে, সব নাম এখন মনে করতে পারছি না। অসাধারণ শিল্পী ছিল সালমান শাহ। ওর মুখস্থ করার ক্ষমতা ভীষণ স্ট্রং ছিল। দুই-তিন পাতা হাতের তালুতে রেখে এক-দুবার দেখত, তারপর লাইন টু লাইন একদম মুখস্থ থাকত ওর।
স্বাধীনতার পর আমাদের একটা অ্যাক্টিং স্কেল ছিল। আমরা একটু রস দিয়ে কথা বলতাম, মেলোড্রামা মানে সুরে সুরে কথা বলতাম। কিন্তু ও একটা ধারা তৈরি করল—একেবারে ন্যাচারালি কথা বলত। আর দর্শকও এটাকে দারুণভাবে গ্রহণ করেন। প্রত্যেকের মনে ও নিজেকে ঢুকিয়ে দিয়েছে। দর্শকদের সঙ্গে কানেক্ট করতে পেরেছিল। সাবলীল কাজ, বাচনভঙ্গির মাধ্যমে দর্শক মনে স্থায়ী জায়গা করে নেয়।
পাশাপাশি সালমান শাহর গ্রহণযোগ্যতা ছিল, গুড লুকিং ছিল। সব মিলিয়ে আমাদের স্মরণে, আমাদের মননে ও সব সময় বেঁচে থাকবে। তবে একজন শিল্পী হিসেবে মনে হয়, সালমান শাহ যদি আরো কিছুদিন বেঁচে থাকত, আমাদের ইন্ডাস্ট্রি আরো কিছুদিন বেঁচে থাকত।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা