কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মিনি ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।
টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মোঃ আশরাফুল আলম। এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আশরাফুল আলম বলেন, “তরুণ সমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। মাদক, সন্ত্রাস ও নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।”
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হলে মাঠ সংরক্ষণ, খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং তরুণদের উৎসাহিত করার উদ্যোগ প্রয়োজন। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন বয়সী দর্শক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন উপস্থিত দর্শকরা। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত হলে এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা ইতিবাচক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
মো : রেজুয়ানুল হক
পাকুন্দিয়া