মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আলম মণ্ডল (৬০) হামলার শিকার হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ঘোষিয়াল চরচৌগাছি এলাকার পাশের পাকা সড়কে এ ঘটনা ঘটে।
আহত আলম মণ্ডল অভিযোগ করেন, সকালে টিকারবিলা বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একই ওয়ার্ড বিএনপি'র সভাপতি নুরুল মণ্ডলের নেতৃত্বে নুরুল, লিটন, তাজু, তাফিন ও রিয়াজ তার ওপর হামলা চালিয়ে মারধর করেন।
তিনি দাবি করেন, তার ছেলে সজিব মণ্ডলের ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে সাবেক শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
তবে অভিযোগ অস্বীকার করে ৫ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি নুরুল মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে আলম মণ্ডলের সঙ্গে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরেই তার লোকজন আলম মণ্ডলকে মারধর করেছে বলে শুনেছেন। তবে এ ঘটনার সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো বা তার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে তাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোহেল রানা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ
