দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪ বছরে পদার্পন উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পিকুল খান এবং মাগুরা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ ইলিয়াস মিথুন। এ সময় মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এনটিভি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। সত্য ও মানুষের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার যে ধারা এনটিভি প্রতিষ্ঠা করেছে, আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এনটিভি দেশ-বিদেশের দর্শকের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। ভবিষ্যতেও গণমানুষের প্রত্যাশা পূরণে চ্যানেলটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, মাগুরা জেলায় এনটিভির প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন শফিকুল ইসলাম শফিক। নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি জেলার সাংবাদিক অঙ্গনে সুনাম অর্জন করেছেন। পাশাপাশি তিনি বর্তমানে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
